দুর্ঘটনার কবলে নিদ্রা নেহা, বিছানায় কাটছে অভিনেত্রীর দিন

0
79

কিছুদিন আগে বাবার চিকিৎসার জন্য ভারতে যেতে না পারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে খবরের শিরোনামে আসেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নিদ্রা দে নেহা। এখন তিনি নিজেই বিছানায় শুয়ে শুয়ে দিন কাটাচ্ছেন।

দুর্ঘটনায় পা ভেঙেছে এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইকে করে খাবার আনতে যাচ্ছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিলো। হঠাৎ সামনে থেকে একটা প্রাইভেটকার কোনো ইন্ডিকেটর না দিয়েই ঘুরে যায়। ব্রেক কষার সময় পাইনি, ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ি। পড়ার পরও বুঝে উঠতে পারেননি, ভিতরে এত বড় কিছু ঘটে গেছে। রাগে গা জ্বলে যাচ্ছিলো। গাড়ির কাছে গিয়ে বলি, ইন্ডিকেটর না দিলে এই সাইড মিরোর দিয়ে কী করেন? এরপর হেলমেট খুলে সেটা দিয়ে ভেঙে দিই মিরোরটা। রাগের রেশ কাটতেই শরীর জানান দেয় নিজের খবর। পায়ে ব্যথা তীব্র হয়ে ওঠে। ‘একাই কাছের হাসপাতালে যাই। ভর্তি হই। পরে এক্স-রে করে দেখা গেলো, পা ভেঙেছে।’

এ সময় পাশে ছিলেন না তার সঙ্গী অভিনেতা প্রান্তর দস্তিদার। নিদ্রা বলেন, ‘তিনি তখন ঢাকার বাইরে। সব কিছু একাই সামলাতে হয়েছে।’ একের পর এক চ্যালেঞ্জ সামলে আবারও নতুন করে জীবনকে প্রস্তুত করছেন নিদ্রা। বাবার চিকিৎসার জন্য দেশের বাইরেও ছোটাছুটি করেছেন। নিজেই সামলেছেন হাসপাতাল, কাগজপত্র, প্রক্রিয়া, সবকিছু।

এমন অবস্থায় পা ভাঙা নিঃসন্দেহে ছিলো এক নতুন ধাক্কা। অভিনেত্রী বলেন, ‘এখন সারাদিন শুয়ে থাকতে হচ্ছে। চিকিৎসক বলেছেন, ২০-২৪ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এদিকে কাজ না করতে পারলে নিজেকে পাগল মনে হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here