বিসিবির নতুন পরিকল্পনা: রাজশাহীতে হবে প্রিমিয়ার লিগ

0
82

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশেই বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানেই তিনি জানিয়েছেন, সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে কাজ করছে বোর্ড।

রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ রিজিয়নে আরও বেশি ক্রিকেট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রেটার রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করা হবে। ক্রিকেট অ্যাকটিভিটি ও ট্রেনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, রাজশাহীতে ফার্স্ট ক্লাস ক্রিকেট মাঝেমধ্যে হয়, তবে তা নিয়মিত করতে এবং জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় গড়তে স্থানীয় পর্যায়ে কাঠামো আরও শক্তিশালী করতে হবে।

বিসিবি সভাপতি টেস্ট ক্রিকেট নিয়ে বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনে নিয়ে যেতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে কাজ করছে। খুলনায় এবং আজ রাজশাহীতে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে গ্রহণ করছে, তাতে বোঝা যায়, মানুষের মধ্যে আগ্রহ কতটা।’

মানসম্পন্ন অবকাঠামো মাঠ ও অবকাঠামো নিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন ‘এখানকার গ্রাউন্ডস এত সুন্দর! এমন আউটফিল্ড অনেক দেশে নেই। যদি দেশব্যাপী এই রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here