
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করে বলেছে, ‘বিদেশে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বের যেখানেই থাকুন না কেন, মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।’
এটি মূলত ইরানে হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ এবং প্রতিবাদ আন্দোলনের আশঙ্কায় জারি করা হয়েছে।
শনিবার রাতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়।