ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি কাতারের

0
79

ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের (২১ জুন) রাতে মার্কিন হামলার জবাব দিতে কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে গতকাল (সোমবার) রাতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রিপাবলিকটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এ হামলার ঘটনায় তেহরানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে দোহা। পাশাপশি স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানায় আল জাজিরা।

এ সময় দোহা ইরানের রাষ্ট্রদূতের সামনে কাতারের মাটিতে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারিও দিয়েছে।

ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এ হামলায় হয়নি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানের কূটনীতিককে জানান, এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘণ করেছে ইরান। ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সবসময় তেহরানের পক্ষে কথা বলেছে; কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এ ধরনের বেপরোয়া হামলা ঘটে, তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা।

এদিকে সোমবার আল উদেইদে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে কাতার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই চিঠির অনুলিপি পোস্টও করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here