সাবেক এমপি পত্নীর খিচুড়ি বিতরণে থানায় অবস্থান, ওসি’র আশ্বাসে কর্মসূচির অবসান

0
67

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান মুক্তা ভূঁইয়ার স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য কাজী মৌসুমী কর্তৃক খিচুড়ি বিতরণের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

ঘটনাটিকে কেন্দ্র করে জড়িত ও আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার রাতে তেঁতুলিয়া মডেল থানার প্রধান ফটকে  অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা যুবদল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা জানান,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হলেও পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী তা উপেক্ষা করে দলীয় কর্মসূচি পালন করে আইন ও গণতন্ত্রের প্রতি চরম অবমাননা করেছেন। এ ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেন এবং মোটরসাইকেল শোভাযাত্রা শেষে থানার ফটকে অবস্থান নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পতিত সরকারের দোসরদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবেক এমপি মুক্তা ভূঁইয়া ও তাঁর স্ত্রী কাজী মৌসুমীসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া।

তিনি জানান, “ফেসবুকে ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্তে নিই। ছবিতে নির্দিষ্ট স্থান না থাকায় ঘটনার স্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি।”ওসির এই আশ্বাসের পরেই আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here