সিঙ্গাপুর থেকে ৫৬৯ কোটি টাকায় আসবে এক কার্গো এলএনজি

0
66

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি টাকা।

বুধবার (২৫ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২৮-২৯ জুলাই ২০২৫ সময়ের জন্য ৩২তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি ২৯ হাজার ৩৬৩ টাকা ২০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৩.৫২ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, হরমুজ প্রণালীর কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here