ক্লাব বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ পেল স্বস্তির খবর। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সুস্থ হয়ে ফিরেছেন দলীয় অনুশীলনে। বুধবার প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে পূর্ণ অনুশীলন করেন তিনি।
এবারের টুর্নামেন্টে জ্বর ও গ্যাস্ট্রিক সমস্যার কারণে শুরু থেকে মাঠের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এমনকি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাকে মায়ামির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়ার পরও পুরোপুরি সুস্থ না হওয়ায় রিয়ালের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে।
এই দুই ম্যাচে আল-হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল, আর পাচুকার বিপক্ষে ১০ জনের দল নিয়েও ৩-১ গোলে জিতেছে জাবি আলোনসোর শিষ্যরা।
এবার ‘এইচ’ গ্রুপের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে রেড বুল সালসবুর্কের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায়। এই ম্যাচে বদলি হিসেবে কিছু সময় মাঠে দেখা যেতে পারে এমবাপ্পেকে।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে দুইয়ে আছে সালসবুর্ক। ২ পয়েন্ট নিয়ে তিনে আল-হিলাল। এই তিন দলেরই শেষ ষোলোয় ওঠার সুযোগ রয়েছে। অন্যদিকে, টানা দুই হারে আগেই বিদায় নিয়েছে পাচুকা।
গ্রুপপর্ব শেষে শীর্ষ দুই দল পাবে নকআউট পর্বের টিকিট।

