শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন সহায়তা

0
122
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে টিন সহায়তা দিয়েছে ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’।

রোববার (২৯ জুন) দুপুরে ওই গ্রুপের সদস্যদের উদ্যোগে উপজেলার কালাকুমা গ্রামের শুকুর মিয়ার পরিবারকে টিন বিতরণ করা হয়।

গত ২১ জুন রাতে বন্যহাতির একটি দল দিনমজুর শুকুর মিয়ার ঘরটি ভেঙে দেয়। পরে পরিবারটি তার স্ত্রী পুতুল বেগমের বাবার বাড়ীতে গিয়ে আশ্রয় নেয়। এ বিষয়ে জানতে পেরে ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’ এর সদস্যরা ওই পরিবারকে টিন সহায়তা দেন। যাতে তারা আবার ঘর তুলে মাথা গোঁজার ঠাঁই পান।

এসময় উপস্থিত ছিলেন প্রকৃতিপ্রেমি কাঞ্চন মারাক, ওই গ্রুপের সদস্য ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।

গ্রুপের সদস্য আকরাম মিয়া বলেন, আমাদের মূল কাজ হাতির খবর রাখা আর মানুষকে সচেতন করা। কিন্তু পুতুল আপার অবস্থা দেখে আমাদের মন নাড়া দিয়েছে। তাই নিজেদের সাধ্যমতো সহায়তা করেছি।

এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আরফান মিয়া বলেন, প্রতিটি এলাকায় যারা সামর্থ্যবান, তাদের এসব বিষয়ে এগিয়ে আসা দরকার। আশেপাশের মানুষ যদি প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ায়, অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব।

উল্লেখ্য, জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়ই বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here