শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার কাটাবাড়ি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় একটি হাতি এ ধরণের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষার জন্য স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক বাতির সংযোগ দিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। এতে হাতির দল আলো দেখে ভয়ে লোকালয় ও ফসলি মাঠে প্রবেশ এড়িয়ে চলে। গতকাল রাতে নাকুগাঁও সীমান্ত হয়ে উত্তর কাটাবাড়ি এলাকায় ৮-১০টি হাতির একটি দল সেখানে ঢুকে। এসময় রাতের কোন এক সময় একটি হাতি এ ধরনের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। তবে, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

