সীমিত ওভারের ক্রিকেটে পরিচিত মুখ হলেও টেস্ট ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ব্র্যান্ডন কিং। গ্রেনাডায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের বিপর্যয়ের মাঝেও তার ৭৫ রানের দৃঢ় ইনিংস এবং দুই জোসেফের গুরুত্বপূর্ণ জুটিতে ভালোভাবেই ম্যাচে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্টের দ্বিতীয় দিন শেষে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৪৫ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, হাতে রয়েছে ৮ উইকেট। উত্তেজনা জমে উঠেছে ম্যাচে।
ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করে ২৫৩ রান, অস্ট্রেলিয়ার ৩৩ রানের লিডে। ব্র্যান্ডন কিংয়ের ৭৫ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ছিল আলজারি ও শামার জোসেফের অষ্টম উইকেট জুটিতে ৫১ রান, যেখানে দুই পেসারই হাঁকান দুটি করে ছক্কা।
দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। শূন্য রানে বিদায় নেন শততম টেস্টে নামা অধিনায়ক ব্র্যাথওয়েট, ক্যাচ ধরেন হেইজেলউড। এরপর কার্টি (৬) আউট হন দুর্দান্ত এক রিটার্ন ক্যাচে কামিন্সের হাতে, যা ছিল দিনের সেরা মুহূর্তগুলোর একটি।
টেস্ট ইতিহাসে এটিই ছিল মাত্র অষ্টম ঘটনা, যেখানে প্রথম দুই উইকেটই বোলার নিজে ক্যাচ ধরেছেন।
চাপের মুখে কিছুটা আক্রমণাত্মক ছিলেন ওপেনার ক্যাম্পবেল (৪০), তবে বাজে শটে উইকেট বিলিয়ে দেন ওয়েবস্টারকে। এরপর কিং ও চেইস সাময়িক প্রতিরোধ গড়লেও, লাঞ্চের পরেই চেইস (১৬) ফিরলে ফের ধস নামে।
কিং ও শেই হোপ মিলে ৫৮ রানের জুটি গড়েন, যেটিই ইনিংসের প্রথম অর্ধশতরানের জুটি। স্পিনার লায়নের উপর চড়াও হয়ে ফিফটি পূর্ণ করেন কিং। কিন্তু হোপকে (২১) কামিন্স বোল্ড করার পরপরই লায়নের ঘূর্ণিতে কিংও (৭৫) ফেরেন। পরপর উইকেট হারিয়ে ১৭৪ রানে পড়ে যায় ৭ উইকেট।
সেখান থেকে আলজারি (২৭) ও শামার জোসেফ (২৯) মিলে জুটির ফিফটি পূর্ণ করেন মাত্র ৬৬ বলে। শেষ পর্যন্ত লায়ন ও স্টার্কের দারুণ বোলিংয়ে ২৫৩ রানেই থামে ক্যারিবিয়ানদের ইনিংস।
৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই জেডেন সিলস বোল্ড করেন কনস্টাসকে (০)। এরপর খাওয়াজা (২) এলবিডব্লিউ হন তারই আরেক ডেলিভারিতে।
দিন শেষ হয় অস্ট্রেলিয়ার ২ উইকেটে ১২ রান নিয়ে। ক্রিজে আছেন ক্যামেরন গ্রিন ও নাইটওয়াচম্যান ন্যাথান লায়ন।

