শেরপুরের শ্রীবরদীর সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে উপজেলার কর্ণজোড়া সীমান্তের মারেকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
বিজিবি জানায়, ভোরে কর্ণজোড়া সীমান্তের মারেক পাড়ায় কারবারিরা অবৈধ পথে আসা ভারতীয় পন্ডস ফেইসওয়াশ পাচারের চেষ্টা করে। পরে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ছয় হাজার ৪৩২ পিস ভারতীয় পন্ডস ফেইসওয়াশ জব্দ করে। জব্দ করা প্রসাধনীর বাজার মূল্য ১৯ লাখ ২৯ হাজার টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়।
ময়মনসিংহ (৩৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।

