শেরপুরের নালিতাবাড়ীর সীমান্ত দিয়ে চার শিশু ও চার নারীসহ ১০জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১১জুলাই) সকালে উপজেলার গারো পাহাড়ের পানিহাটা সীমান্ত এলাকার ১১১৮/৩-এস পিলার দিয়ে তাদের পুশইন করে ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর রামচন্দ্রকুড়া বিওপি’র জুয়ানরা পানিহাটা এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমীনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া ও অপর কন্যাশিশু রাবিয়া।

আটক ব্যক্তিরা জানান, গত দুই বছর আগে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের দিল্লির ফরিদাবাদে আমজাদ আলীর চিকিৎসার জন্য ভারতে যায়। পরে জামাল সেখানে মারা গেলে বাকীরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফ এর হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করে। এদিকে, আটককৃতদের দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

