পল্লবীতে চাঁদা না পেয়ে আবাসন প্রতিষ্ঠানে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব জানায়, ১১ জুলাই রাজধানীর পল্লবীর আলব্দির টেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তারা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং চার রাউন্ড গুলি ছোড়ে। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়েরের পর, র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং ১৩ জুলাই রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০), মো. চাঁদ মিয়া (২২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল, আব্বাস ও চাঁদ মিয়ার বিরুদ্ধে হত্যা, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জামিলের নির্দেশে হামলায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

