শেরপুরে নিখোঁজ সিএনজিসহ চালকের মরদেহ নদী থেকে উদ্ধার

0
112
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসাথে ওই নদীর আড়াইআনী বাজার ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌরশহরের আমবাগান এলাকার ভোগাই নদী থেকে ওই মরদেহ ও সিএনজি উদ্ধার করা হয়।

নিহত সিএনজি চালক হুমায়ুন আহমেদ (৩৫)। তিনি পাশ্ববর্তী নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে ভোগাই নদীর চেয়ারম্যান বাড়ি ঘাটে একটি সিএনজি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এসময় সিএনজির কোনো মালিক বা চালককের সন্ধান না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এনিয়ে তদন্ত শুরু করে থানা পুলিশ। এক পর্যায়ে বিকেলে পৌরশহরের আমবাগান মহল্লার ভোগাই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

হুমায়ুনের স্ত্রী ঝর্ণা খাতুন বলেন, আমার স্বামী গত শনিবার রাত ১০টায় বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হয়। এরপর রোববার আছরের দিকে একবার কথা হয়েছে। তখন আমার স্বামী জানিয়েছে, সে নকলা আছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোগাই নদীতে লাশ ভেসে থাকার খবর পেয়ে এখানে এসেছি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here