নতুন মৌসুম শুরুর আগে রক্ষণভাগে শক্তি বাড়াতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে ডিফেন্ডারদের একের পর এক চোটে ভোগার পর এবার সেই দুর্বলতা কাটাতে বেশ সচেষ্ট স্প্যানিশ ক্লাবটি। সর্বশেষ সংযোজন হিসেবে তারা দলে টেনেছে বেনফিকার তরুণ ডিফেন্ডার আলভারো কারেরাসকে।
২২ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে রিয়াল, যা চলবে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত। চলতি গ্রীষ্মে দলে যোগ দেওয়া তৃতীয় ডিফেন্ডার তিনি। এর আগে লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে উদীয়মান ডিফেন্ডার ডিন হাউসেনকে দলে নেয় ক্লাবটি।
রিয়ালের একাডেমিতে তিন বছর কাটানোর পর ২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কারেরাস। ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেললেও মূল দলে খেলার সুযোগ পাননি। পরে ধারে খেলেন প্রেস্টন নর্থ এন্ড এবং গ্রানাডার হয়ে। ২০২৪ সালের জানুয়ারিতে ধারে বেনফিকায় যোগ দেওয়ার এক সপ্তাহের মাথায় অভিষেক ঘটে তার।
পরের মৌসুমেই বেনফিকা তাকে পাকাপাকিভাবে দলে নেয়। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ ম্যাচে মাঠে নামেন তিনি, গোল করেন ৫টি ও অ্যাসিস্ট করেন ৬টি। সদ্যসমাপ্ত ক্লাব বিশ্বকাপেও অংশ নেন এই প্রতিভাবান ডিফেন্ডার।

