বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৯ জুলাই) রাতে শহরের রঘুনাথপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলাম।
জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক হযরত আলী, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড. আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন-অর-রশিদ মামুন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জল প্রমূখ।
বিক্ষোভ মিছিলে জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দু’একটি রাজনৈতিক দল ক্ষমতার লোভে বিএনপির বিরুদ্ধে নানাভাবে কাল্পনিক, অসত্য ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে তারা কাল্পনিক বক্তব্য উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভূয়া আইডি চালু করে একের পর এক মিথ্যা ও গায়েবি অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা। আমরা বলতে চাই, বিএনপি উড়ে আসা দল না। এটি জনগণের দল। কাজেই এসব অপপ্রচার করে বিএনপির কোন ক্ষতি করা যাবে না। অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে আরো সচেতন হতে হবে।

