রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি সেবা কার্যক্রম পরিচালনায় চিকিৎসক টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে তিন জেলার জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকালে দলের যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) ফেনী এবং মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

