যুদ্ধবিমান বিধ্বস্ত: আহতদের চিকিৎসায় রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

0
59

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জানিয়েছেন, রাত ১০টা ৪০ মিনিটে চিকিৎসক দলের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে অত্যন্ত আন্তরিক। স্বাস্থ্য অধিদপ্তর সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে। সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তাদের ঢাকায় আসার ব্যবস্থা করা হয়েছে।’

চিকিৎসক দল রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের পর্যবেক্ষণ করবেন এবং কার কার উন্নত চিকিৎসা প্রয়োজন তা নির্ধারণ করবেন। প্রয়োজন হলে সরকার তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ওই টিম বিভিন্ন হাসপাতালে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।

মহাপরিচালক আরও বলেন, ‘আহতদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য সরকার মেনে নেবে না। চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন, সবই করা হচ্ছে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী ও স্কুলকর্মী গুরুতর আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here