দিলীপ কুমার ও দোলনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
56

পরিবারসহ ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা ও বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান দোলনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

নিষেধাজ্ঞার আদেশ পাওয়া অন্যরা হলেন দিলীপ কুমার আগরওয়ালারের স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের সন্তান ইয়াশ আগরওয়ালা ও আচল আগরওয়ালা এবং এনামুল হক খান দোলনের স্ত্রী শারমীন খান, তাদের সন্তান আলিফ ইমরান খান ও লভিন খান।

চোরাচালানের মধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় দুদকের উপপরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বহিভূত সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামীলীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযোগ সংশ্লিষ্ট দিলীপ কুমার আগরওয়ালা বর্তমানে ভিন্ন মামলায় জেলহাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাহিরে চলে যেতে পারেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য, তাদের বিদেশ গমন রহিতকরণের আদেশ প্রদান করা একান্ত প্রয়োজন।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। আর গত ১১ এপ্রিল বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here