নবির বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ছেলে হাসানের আগমনী বার্তা

0
91

আফগান ক্রিকেট লিগে দেখা গেল বাবা ও ছেলের দারুণ লড়াই। যেখানে মুখোমুখি হওয়া বাবার প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকালেন ছেলে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলেন বাবা। এই বাবা আফগানিস্তান ক্রিকেটের মহীরূহ মোহাম্মদ নবি। আর ব্যাটিং প্রান্তে তার ছেলে হাসান ইসাখিল।

কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানিস্তানের শাপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল এমআইএস আইনাক রিজিয়ন এবং আমো শার্কস। যেখানি নবি খেলেছেন আইনাক রিজিয়নের হয়ে আর ছেলে হাসান খেলেছেন শার্কসের হয়ে।

এদিন ওপেন করতে নেমেছিলেন হাসান। নবম ওভারে বল করতে আসেন ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নবি। কিন্তু আন্তর্জাতিক অনেক ক্রিকেটারকে নাকানি-চুবানি খাওয়ানো বাবার বল অবলীলায় গ্যালারিতে পাঠিয়ে দেন হাসান। ওই ওভারে ওঠে ১২ রান। এরপর আর বল করতে আসেননি নবি।

ম্যাচে ২৩ বলে ৩৪ রান করেন গত মাসে ১৮ বছর বয়সে পা দেওয়া হাসান। বাবার বলে ছেলের ছক্কা দেখে হতবাক হওয়া নবিকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ধারাভাষ্যকাররা। এক ধারাভাষ্যকার বলেন, ‘দারুণভাবে বাবাকে স্বাগত জানালেন হাসান।’ আর-এক ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘দুর্দান্ত মুহূর্ত! বাবা বল করছে ছেলেকে। আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে যেন বুঝিয়ে দিল, তুমি আমার বাবা। মাঠের বাইরে তোমাকে শ্রদ্ধা করি। কিন্তু এমন বল করলে আমি মাঠের বাইরে ফেলবই।’

নবির ছেলে হাসান বেশ কয়েক বছর ধরেই আছেন আলোচনায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে তার। ২০২৪ সালে কাবুল প্রিমিয়ার লিগে ৫১ বলে ১৫৬ রান করে হইচই ফেলে দিয়েছিলেন এই হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here