নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন শীতলী ফকিরপাড়া গ্রামেরমৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাই বাবু (৫৫) ও তার স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই ছোট দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা। সকালবেলা ঘুম থেকে উঠে তার মেয়ে দেখেন তার মা বিছানায় পড়ে রয়েছেন এবং তার বাবা গলায় রশি দিয়ে তীরের সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে তার ছোট মেয়ে আশেপাশের প্রতিবেশিদেরকে বিষয়টি জানায়। প্রতিবেশিরা ঘরে এসে তাদের দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলোকে উদ্ধার করে।
এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রাতের কোনো এক সময় স্ত্রী মোমেনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। পরে আব্দুল হাই বাবু নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে পোরশা থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।’

