হত্যার ২৩ বছর পর আজিজারের যাবজ্জীবন

0
63

দীর্ঘ ২৩ বছর পর বগুড়ার শিবগঞ্জে আনারুল হত্যা মামলায় একমাত্র আসামি আজিজার রহমানকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় আজিজার আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আজাদ হোসেন তালুকদার।

মামলা সূত্রে জানা গেছে, আজিজার রহমানের সঙ্গে একই গ্রামের আনারুলের জমি নিয়ে বিরোধ ছিল। ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়িতে যাচ্ছিলেন। কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা আজিজার রহমান তাকে পেটে ছুরিকাঘাত করেন। পরে আনারুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় আজিজারকে হাতেনাতে আটক করেন গ্রামবাসী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আনারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আজিজার রহমানের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শেষে আজিজার রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালতের অতিরিক্ত পিপি বলেন, ‘সাক্ষীদের নিয়মিত হাজিরা না দেওয়ায় বিচার প্রক্রিয়ায় দেরি হয়। আদালতের রায়ে আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে এবং অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে আজিজার রহমানকে অতিরিক্ত এক বছর সাজা ভোগ করতে হবে।’

আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, ‘রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি আজিজার রহমানকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here