৩ বছর পর এক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দিল রাশিয়া

0
75

প্রায় এক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া।গতকাল বুধবার রাত থেকে তাদের মুক্তি দেওয়া শুরু হয়। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রায় তিন বছর ধরে রাশিয়ার জেলে বন্দী ছিলেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফার শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশই যুদ্ধবন্দিদের মুক্তির বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাত থেকে মুক্তি পাওয়া বন্দীদের নিয়ে ইউক্রেন জানিয়েছে, যে বন্দিরা শারীরিকভাবে অসুস্থ, গুরুতর আহত তাদের প্রথমে নিয়ে আসা হয়েছে। দেশে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

যাদের ছাড়া হয়েছে, তাদের ছবি পোস্ট করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, যারা আলোচনার মাধ্যমে এই বন্দিমুক্তির সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন, তাদের তিনি ধন্যবাদ জানাচ্ছেন।

জেলেনস্কি জানিয়েছেন, সমস্ত যুদ্ধবন্দিদের ফেরত নিয়ে আসা তার অন্যতম লক্ষ্য। এ নিয়ে রাশিয়ার সঙ্গে আবার আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

ইস্তাম্বুল বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ছিলেন ভ্লাদিমির মেদিনস্কি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আলোচনায় যুদ্ধবন্দীদের মুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে। দুই দেশ ঠিক করেছে, দুই পক্ষ থেকেই ১২০০ জনকে বন্দিকে মুক্তি দেওয়া হবে। এ ছাড়াও রাশিয়া ইউক্রেনের হাতে তিন হাজার নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ তুলে দেবে বলে জানানো হয়েছে।

আগামী দিনে আরও ১২০০ যুদ্ধবন্দীকে ছাড়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিনিধি। রাশিয়া ইউক্রেনকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মেদিনস্কি।

এদিকে কিয়েভ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে রাশিয়া জানিয়েছে, এমন বৈঠক কেবলমাত্র নথি সই করার জন্য হতে পারে, আপাতত দুই প্রেসিডেন্টের আলোচনায় বসার কোনো সম্ভাবনা দেখছে না রাশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here