রাজধানীর মোহাম্মদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজীব এবং সন্ত্রাসী যোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০) সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-২।
বুধবার (২৪ জুলাই) রাতভর রাজধানীর মোহাম্মদপুর, তেজগাঁও ও আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১) মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০), পিতা- মৃত শফিউদ্দিন কাজী, ২) মো. গুড্ডু (৩৮), পিতা- রাজু ওরফে ইন্ডিয়ান রাজু, ৩) মো. শফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত কেরামত আলী, ৪) মো. সেলিম (৩২), পিতা- মৃত আ. হান্নান।
শুক্রবার দুপুরে র্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা পিচ্চি শাহীনকে গ্রেফতার করা হয়। এরপর ধারাবাহিক অভিযানে রাজধানীর কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল ও বসিলা এলাকা থেকে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার শাহীন কাজীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা, গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলা, শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় এবং সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি করে হত্যা মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, সরকারবিরোধী অপতৎপরতা ও সংঘবদ্ধ অপরাধের সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে জড়িত। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য তারা বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে অংশ নেয়।
খান আসিফ আরও জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে মামলার অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

