মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: নাহিদ ইসলাম

0
46

আওয়ামী লীগকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদ নানা ছলে-বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুজিববাদ মানে একদলীয় শাসনব্যবস্থা, লুটপাট, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, সংখ্যাঘলু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সে জন্য মুজিববাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে বাসের, বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের ওপর ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে চলে গেছে। এই রাস্ট্রের ফিটনেস ও মেরামত আমাদের করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।’’

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। আমরা নিয়মতান্ত্রিকভাবে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।’

এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভার শুরুতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা)। এতে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির প্রমুখ।

এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here