আটক ৫ জনের বিরুদ্ধে মামলা

0
44

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আটক পাঁচ যুবকের নামে মামলা দায়ের করা হয়েছে। এর পর তাদের গ্রেপ্তার দেখানো হয় বলেও জানিয়েছে পুলিশ।

আজ রবিবার গুলশান থানার ডিউটি অফিসার আঞ্জুমান আরা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে পাঁচ সমন্বয়কের নামে মামলা হয়েছে। ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলাটি করেছেন।

গ্রেপ্তার দেখানো হয়েছে কি না জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার বলেন, ‘মামলা যেহেতু হয়েছে, অবশ্যই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

গ্রেপ্তারকৃতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ এবং আমিনুল ইসলাম।

তাদের বিরুদ্ধে অভিযোগ, শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ যুবক। তিনি বিদেশে থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয়। কয়েক দিন আগে তারা ওই বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়ে আসেন।

পরে শনিবার রাত ৮টার দিকে তারা আবার ওই বাসায় যায় স্বর্ণালংকার আনতে। সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদসহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here