স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে।
সোমবার (২৮ জুলাই) আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগস্ট মাসের শুরু থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে নির্বাচনের আগ পর্যন্ত চলবে।
জাতীয় নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসপি-ওসি বদলি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময়ে বদলি হচ্ছে। নির্বাচনের আগে বদলি হলে সেটাও আপনারা দেখতে পারবেন।
উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যতবড়ই হোক, যে দলেরই হোক, কোনো ছাড় নয়। তিনি প্রশ্ন করে বলেন, গুলশানে চাঁদাবাজিতে কি ছাড় দিয়েছি? কেউই ছাড় পায়নি, পাবেও না।
এসময় জাহাঙ্গীর আলম চৌধুরী মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে শিগগির অভিযান শুরু করা হবে।

