কিছুদিন আগেই ক্রিকেট থেকে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের ৩ বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। এবার ক্রিকেটে ফিরছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন রোডেশিয়ানদের সাবেক অধিনায়ক। আগামী ৭ আগস্ট বুলাওয়েতে শুরু হবে সেই টেস্ট।
২০২১ সালে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেলর। তার চার মাসের মাথায় নিষেধাজ্ঞা পান তিনি। আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি পান টেলর।
সাবেক অধিনায়কের ফেরা নিয়ে জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য তাকে অবশ্যই পাওয়া যাবে। আমি জানি, দলে ফেরার জন্য ব্যক্তিগত প্রচেষ্টায় সে কতটা পরিশ্রম করেছে, বিশেষ করে গত ৮, ১০ কিংবা ১২ মাস ধরে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবার দলে ফিরে পেতে আমি খুবই রোমাঞ্চিত। সতীর্থদের পাশাপাশি দলের প্রতি সে কী অবদান রাখে, সেটা দেখতে মুখিয়ে আছি।’
টেলরকে আবারও জিম্বাবুয়ের হয়ে খেলতে উদ্বুদ্ধ করেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। যদিও টেলরের ইচ্ছা ছিল কোচিং পেশায় যাবেন তিনি। মূলত ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞ এই কিপার-ব্যাটারকে রাখতে চায় জিম্বাবুয়ে।
আন্তর্জাতিক অঙ্গনে জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার টেলর। ওয়ানডেতে ৩৫.৫৫ গড়ে তার রান ৬ হাজার ৬৮৪, দেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই সংস্করণে তার ১১ সেঞ্চুরি জিম্বাবুয়ের রেকর্ড। দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার (১৭টি)।
টেস্টে ৩৬.২৫ গড়ে রান ২ হাজার ৩২০ করেন টেলর। টি-টোয়েন্টিতে এক হাজারের চেয়ে মাত্র ৬ রান কম তার। টেস্টে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন টেলর, যার পাঁচটিই বাংলাদেশের বিপক্ষে।

