যশোরের কোতোয়ালী থানাধীন মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে পাচারের সময় ৪২০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মোঃ জাহিদ মন্ডল (৩৬)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের বাসিন্দা। তার প্যান্টের কোমরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল স্বর্ণের বার দুটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা এবং সঙ্গে থাকা মোবাইল ফোনসহ মোট সিজারের মূল্য ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা। আটককৃতকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে স্বর্ণ, মাদক, অস্ত্র, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।

