গাজীপুরের টঙ্গীতে হনুফা বেগম (৪৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে টঙ্গীর পশ্চিম থানাধীন গুটিয়া নর্থ টাউন এলাকায় এঘটনা ঘটে।
মৃত্যুর ঘটনাটি রহস্যজনক দাবি করে নিলুফা বেগমের ভাই মোঃ রাব্বি বোনের স্বামী কবির হোসেন ও দ্বিতীয় স্ত্রীকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে রাব্বি জানান, পাঁচ বছর আগে কবির হোসেন দ্বিতীয় বিয়ে করে সেলিনা আক্তার (৩৬) নামের এক নারীর সঙ্গে। এরপর থেকে শুরু হয় পারিবারিক অশান্তি এবং বোন হনুফা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন।
রাব্বী বলেন, প্রায় সময় বিবাদীরা হনুফা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এর আগেও টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দেয়া হয়েছিলো। আমার বোনের মৃত্যু নিয়ে আমাদের অনেক সন্দেহ রয়েছে। আমরা চাই আইনগত সুষ্ঠ সমাধান।
জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ কক্ষে সিলিং ফ্যানের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিলুফা কে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

