নাঙ্গলকোটে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
55

কুমিল্লার নাঙ্গলকোটে নিজ বসতঘর থেকে ফাহিম হোসেন ইসমাইল (১৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বেলঘরের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিম উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে। সে ছোটবেলা থেকেই বেলঘর নানা বাড়িতে থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর ফাহিম রাগান্বিত হয়ে বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর তাকে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।

নিহত ফাহিমের মা পান্না বেগম বলেন, আমরা ঘরে ছিলাম না, কিছুক্ষণ পর খবর পাই ফাহিম ঘরে ঝুলন্ত অবস্থায় আছে। এই ঘটনায় আমি থানায় অপমৃত্যুর মামলা করেছি।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিমুল হক ইমরান বলেন, ৯৯৯ এ কল পেয়ে রাত ১২টার পর আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এই ঘটনায় ছেলেটির মা বাদি হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here