ঢাকায় ৩ সংগঠনের সমাবেশ আজ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা

0
53

জাতীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় আজ রোববার দুইটি বড় রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পীগোষ্ঠী। এই সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ডিএমপি।

এছাড়া, এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেয়ার অনুরোধ করেছে ডিএমপি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদল ও এনসিপির এই সমাবেশ নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হলেও, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচল সীমিত করেছে। কিছু সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে এবং গণপরিবহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

তাছাড়া, সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা আগস্ট থেকে ‘জুলাই জাগরণ’ চলমান রয়েছে। যা চলবে ৪ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলছে এই অনুষ্ঠান।

এই তিন কর্মসূচি ঘিরে এই এলাকায় বিপুল সংখ্যক জনজমাগম হতে পারে এমন ধারণা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here