সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়: ভিসেরা রিপোর্ট

0
71

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। রবিবার সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর ভিসেরা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্টে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশ সিআইডি মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের প্রধান নজরুল ইসলাম ও খুলনা বিভাগীয় পরীক্ষক জনি কুমার ঘোষ।

ভিসেরা রিপোর্ট মতে, সাজিদের শরীরে কোনো বিষাক্ত পদার্থেও উপস্থিতি পাওয়া যায়নি। রিপোর্টে শ্বাসরোধের (asphyxia) ফলে সাজিদের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া রিপোর্টে মৃত্যুকে এন্টিমর্টেম ও হমিসাইডাল (হত্যাকান্ড) ইন ন্যাচার বলা হয়। পোস্টমর্টেমের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভিসেরা রিপোর্টে যেটা এসেছে সেটা থেকে বোঝা যাচ্ছে এটা হত্যাকাণ্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল এক অফিসার বলেন, রিপোর্ট মতে দম বন্ধ হয়ে বা শ্বাসরোধে হত্যাকাণ্ড হয়েছে।

এদিকে সাজিদের রহস্যজনক মৃত্যুর বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট রবিবারের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেল সাড়ে ৬টায় শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদের মৃতদেহটি উদ্ধার করা হয়। সাজিদ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here