বারবার বাঁধা দিয়েছে বৃষ্টি, তবে শেষ পর্যন্ত এসেছে ফল। যেখানে পাকিস্তানকে হারিয়ে শেষ হাসি হেসেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএএলএস পদ্ধতিতে উইন্ডিজের সামনে ১৮১ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে রোস্টন চেজ ও শারফেন রাদারফোর্ডের সৌজন্যে ৫ উইকেট হাতে রেখে ১০ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রায় ৬ বছর পর জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ২০১৯ বিশ্বকাপে নটিংহামে ৭ উইকেটে জয় পেয়েছিল তারা। এরপর ৪টি ওয়ানডেতে মুখোমুখি হলেও জয়ের মুখ দেখেনি। চলতি সিরিজের প্রথম ওয়ানডেতেও হারতে হয়েছে। আজ জয় দিয়ে তিন ম্যাচ সিরিজে এই মুহূর্তে ১-১ সমতা চলছে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৫ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১২ রানের মধ্যেই হারিয়ে ফেলে দুই ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইসকে। হাসান আলীর শিকার হন তারা। বেশিক্ষণ টিকতে পারেননি তিনে নামা কিসি কার্টিও।
দলীয় ৪৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর শেরফান রাদারফোর্ডকে নিয়ে ৫৪ রান যোগ করেন অধিনায়ক শেই হোপ। মোহাম্মদ নওয়াজের বলে হোপ স্টাম্পড হন হোপ (৩৫ বলে ৩২)। তাতে আবারও আশা হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। নিজের পরের ওভারে ঝোড়ো ইনিংস খেলা রাদারফোর্ডকেও (৩৩ বলে ৪৫) ফেরান নওয়াজ। ১০৭ রানে পঞ্চম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
তবে এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি চেজ-গ্রিভস। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৭২ বলে ৭৭ রান যোগ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা। চেজ ৪৭ বলে ৪৯ এবং গ্রিভস ৩১ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের হয়ে কেউই খুব একটা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩০ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান নওয়াজ। হুসাইন তালাত করেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ২৩ রানে নেন ৩ উইকেট।

