মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা

0
63

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদার নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) রাতে কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করেন। কুয়ালালামপুর পৌঁছান স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফর। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে প্রথম প্রাধান্য পাবে অভিবাসন, দ্বিতীয়ত বিনিয়োগ। এ ছাড়া এই সফরে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকের পর দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক ও সমঝোতা স্মারক সই হবে। যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হবে তার মধ্যে আছে— প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, এফবিসিসিআই এবং এমসিসিআইয়ের মধ্যে ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও এমআইএমওএস’র মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে। এ ছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি নোট বিনিময় হওয়ার সম্ভাবনা আছে। দুই দেশের সরকার-প্রধান সমঝোতা স্মারক সই এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। একই দিন বিকালে প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেবেন এবং এর পরপরই মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। ১৩ আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) সম্মানসূচক ডিগ্রি দেবে। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here