কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

0
61

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৈরি কাশ্মীর সীমান্তে এবার পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় বাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে। যদিও ভারত দাবি করছে, পাকিস্তানের সেনা নয়, বরং অস্ত্রধারীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে সীমান্ত নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনার মধ্যে তীব্র গোলাগুলির এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, হামলাটি হয় ১৬ শিখ এলআই (৯ বিহার অ্যাডভান্স পার্টি) বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। তাদের দাবি, পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলার চেষ্টা করে। ভারতীয়রাও পাল্টা জবাব দেয়। গোলাগুলির মধ্যে ২ সেনা নিহত হয়।

দুই দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানোথ অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে, ১১ আগস্টও বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান।

ভারতের দাবি, ‘সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা’ এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (বিএটি) হামলার পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা।

এই ঘটনা ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী ‘অপারেশন আখাল’ নামে এক অভিযান চালাচ্ছে। ১ আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে।

অভিযানের নবম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে। অপারেশন আখাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here