জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া একজন সাক্ষী নিরাপত্তা হুমকিতে পড়েছেন। তাই সাক্ষীদের সুরক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘চানখাঁরপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুদিন আগে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন একজন। তিনি এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার দিনই তার বিরুদ্ধে অপ্রীতিকর-অসম্মানজনক ও নিরাপত্তায় হুমকিস্বরূপ কার্যক্রম করেছেন একই প্রতিষ্ঠানের কিছু ব্যক্তি। ব্যানার টানানোসহ সাক্ষীর বিরুদ্ধে মিছিলও করা হয়েছে। এ সংক্রান্ত কিছু ছবি-ভিডিও প্রসিকিউশনকে দিয়েছেন ওই সাক্ষী।’
এর পরিপ্রেক্ষিতে সাক্ষী সুরক্ষার আবেদন করা হয়। আবেদনের শুনানিতে আদেশ দেয় ট্রাইব্যুনাল। আদেশে ওই সাক্ষীর সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট থানার ওসি ও কর্মরত প্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানসহ আশপাশের এলাকায় তাকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর পোস্টার-ব্যানার থাকলে দ্রুত অপসারণ করতে বলা হয়। সেই সাথে ঘটনা তদন্তে তিন সদ্যসের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (১৩ আগস্ট) চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হয়ে সাক্ষ্য দেন চানখাঁরপুলে পুলিশের গুলিতে শহিদ মো. ইয়াকুবের মা, চাচা ও শহিদ ইসমামুল হকের বড় ভাই মো. মহিবুল হক।

