ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা পড়া মাইক্রোবাসে ডাকাতি

0
46

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের যানজটে আটকে পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রসহ গাড়িগুলোতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার মাইক্রোবাসের যাত্রী রুবেল আরিফ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে একটি মাইক্রোবাসে করে সিলেটে ভ্রমণে যাচ্ছিলেন। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে শাহবাজপুর এলাকায় যানজটে আটকে পড়েন। সে সময় ৮–১০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে তাদের মাইক্রোবাসে হামলা করে।

রুবেল জানান, ডাকাতরা আমাদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পাশের একটি মাইক্রোবাস থেকেও তারা আরও প্রায় এক লাখ টাকা ও কয়েকটি মোবাইল লুটে নেয়।

তিনি আরও জানান, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই সরাইল থানা পুলিশের একটি টহল দল, এসআই আবীর আহমেদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়।

তবে প্রতিবেদন তৈরির সময় এ ব্যাপারে কথা বলার জন্য এস.আই আবীর আহমেদের মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানান প্রতিনিধি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, মহাসড়কের নিরাপত্তার দায়িত্ব হাইওয়ে পুলিশের। তবে শুনেছি, একদল যুবক কয়েকটি মোবাইল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে পড়ে। কেউ এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানা পুলিশের অধীনে হওয়ায় এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য আসেনি।

জানা যায়, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় বালিবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে বিশাল যানজটের সৃষ্টি হয়। এর ফলে বৃহস্পতিবার দিনভর প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট অব্যাহত থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here