৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

0
53

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশপর্যায়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল হস্তান্তর করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৮২২টি শূন্যপদের বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে চাহিদা সংগ্রহ, যোগ্যতা অনুসারে নিয়োগ সুপারিশের সমগ্র প্রক্রিয়া অধিক স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সম্পন্ন করা হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে। আর নিয়োগপত্র হাতে পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে প্রার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্সে অথবা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। একইভাবে প্রতিষ্ঠানপ্রধানরাও তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন।

এছাড়াও টেকনিক্যাল কারণে কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান এসএমএস না পেলেও ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫’ সেবা বক্স থেকে ফলাফল জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here