সাতসকালে নিজের বাসভবনে জনশুনানি চলাকালে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
বুধবার (২০ আগস্ট) সাতসকালে দিল্লির মুখ্যমন্ত্রীর সিভিল লাইন্সের বাসভবনে ঢুকে তাকে মারধর করার অভিযোগ উঠে যুবকের বিরুদ্ধে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শুনতে আয়োজিত সাপ্তাহিক জনশুনানি চলছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে এক যুবক উঠে এসে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন, চড় মারেন এবং চুল ধরে টান দেন বলে অভিযোগ। হামলাকারীর বয়স আনুমানিক ৩০ বছর। এর পরেই তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ইতোমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশবাহিনীও মোতায়েন করা হয়েছে।
আনন্দবাজার সূত্রে খবর, ঘটনার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আক্রমণকারী একজন মহিলা ছিলেন! তবে মুখ্যমন্ত্রীর উপর হামলা হয়েছে, তা নিশ্চিত।
ঘটনার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানতে চাচ্ছে, এই হামলা কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, নাকি যুবকটি মানসিক ভারসাম্যহীন।

