তিন দেশের ৬০ হাজার অভিবাসীর নিরাপত্তা বাতিল ট্রাম্প প্রশাসনের

0
62

যুক্তরাষ্ট্রে বসবাসরত নেপাল, নিকারাগুয়া ও হন্ডুরাসের ৬০ হাজারেরও বেশি অভিবাসীর সুরক্ষা বাতিল হয়েছে। এ সিদ্ধান্তে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশটিতে থাকা এসব অস্থায়ী অভিবাসীদের মধ্যে।

বুধবার (২০ আগস্ট) যুক্তরাষ্ট্রের আপিল আদালত এক রায়ে জানায়, অস্থায়ী অভিবাসীদের জন্য মার্কিন আইনে যেসব অধিকার ও সুরক্ষার কথা বলা হয়েছে, তা এই ৬০ হাজারেরও বেশি অভিবাসীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতের তিনজন বিচারপতি রায়টি স্বাক্ষর করেন। এর আগে ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপরই যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় অভিযান।

গত আট মাসে যুক্তরাষ্ট্র হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এ প্রেক্ষাপটে নেপাল, নিকারাগুয়া ও হন্ডুরাসের ৬০ হাজারেরও বেশি অভিবাসী মার্কিন আদালতে মামলা করেন, যেখানে তারা অস্থায়ী অভিবাসীদের অধিকার ও সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। কিন্তু আপিল আদালত তাদের দাবি খারিজ করে দেয়।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের রায়ের পর নেপালি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। নিকারাগুয়া ও হন্ডুরাসের অভিবাসীদের অনুমোদন বাতিল হবে আগামী ৮ সেপ্টেম্বর। আদালতের রায়কে স্বাগত জানিয়ে হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলঘলিন বলেছেন, “এই সময়োপযোগী রায় যুক্তরাষ্ট্রকে অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা পুনরুদ্ধারে সহায়তা করবে। আমেরিকাকে আবার মহান করে তুলুন।”

তবে আইনী সহায়তা সংস্থা ইউসিএলএ সেন্টার অব ইমিগ্রেশন অ্যান্ড ল’ পলিসি এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের মুখপাত্র আহলিয়ান অরুলানানথাম বলেন, “আদালত সরকারকে তুষ্ট করার জন্য এই রায় দিয়েছেন।”

এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাসরত হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো মনে করছে, এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি আরও কঠোর ও বিতর্কিত হয়ে উঠবে। তথ্যসূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here