ভারতের শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে মামলা

0
57

ভারতের শীর্ষ শিল্পপতিদের একজন অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। শনিবার (২৩ আগস্ট) স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি করে সিবিআই।

এসবিআইয়ের অভিযোগ, অনিল আম্বানি ও তার সাবেক টেলিকম কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনস ব্যাংক থেকে নেওয়া ঋণের শর্ত ভেঙে লেনদেন করে ব্যাংকের অর্থের ‘অপব্যবহার’ করেছে। এর ফলে ব্যাংকটির ক্ষতি হয়েছে প্রায় ২৯.২৯ বিলিয়ন রুপি (প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা)।

মামলার পরই রিলায়েন্স কমিউনিকেশনস সংশ্লিষ্ট বেশ কয়েকটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। সংস্থাটি জানিয়েছে, অভিযোগগুলো ‘বিস্তারিত তদন্তের’ মাধ্যমে খতিয়ে দেখা হবে।

তবে এসবিআইয়ের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন অনিল আম্বানির মুখপাত্র। এক বিবৃতিতে তিনি বলেন, “এসবিআই যে অভিযোগ এনেছে, তা ১০ বছরেরও বেশি সময় আগের ঘটনার সঙ্গে সম্পর্কিত। সে সময় অনিল আম্বানি রিলায়েন্স কমিউনিকেশনের দৈনন্দিন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না।”

এর আগে ২০১৮ সালে অনিল আম্বানি আলোচনায় আসেন রাফাল যুদ্ধবিমান ক্রয় ইস্যুতে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ফ্রান্স থেকে রাফাল কেনার ক্ষেত্রে আর্থিক লেনদেন নিয়ে অনিয়ম হয়েছে এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনিল আম্বানির যোগসাজশ ছিল। তবে সেই অভিযোগ অস্বীকার করেন দুইজনই। পরে ভারতের সুপ্রিম কোর্ট তদন্তের আবেদন খারিজ করে দেয়।

এক সময় ভারতের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানগুলোর একটি ছিল রিলায়েন্স কমিউনিকেশনস। তবে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে না পেরে ২০১৯ সালে দেউলিয়া ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here