খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

0
57

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টায় খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুনের মৃত্যু হয়। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। অন্যদিকে দুর্ঘটনায় আহত চারজনকে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলা খরসন্ডা এলাকার মোজাহিদুল মোড়ল ও ইজিবাইক যাত্রী উপজেলার উত্তর কালিকাপুর এলাকার রীনা খাতুন। এছাড়া আরও একজনের পরিচয় মেলেনি।

এ ঘটনায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here