বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হুমকির প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

0
66

‘মব’ সৃষ্টি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ‘ভয় ভীতি প্রদর্শন’ ও ‘হত্যার হুমকি’র প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) অষ্টগ্রাম উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বিএন‌পি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রথমে উপজেলা পরিষদ মাঠে জড়ো হয়। দুপুরে সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলি মোড়ে গিয়ে সমাবেশ করে।

মিছিলে নেতাকর্মীরা স্লোগানে দেন, ‘মুক্তিযুদ্ধের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘রণাঙ্গনের ফজলু ভাই, আমরা তোমায় ভুলিনি’, ‘মুক্তিযুদ্ধের শত্রুরা হুঁশিয়ার সাবধান’, ‘ফজলু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘ফজলু ভাইয়ের ভয় নাই, আমরা আছি লাখো ভাই।’ ইত্যাদি।

সমাবেশে বক্তারা বলেন, ‘ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কান্ডারি। ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধর বিপক্ষে বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এরপর থেকেই স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়।’

বক্তারা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে এখন হত্যার হুমকি দেয়া হচ্ছে। তারা অবিলম্বে এস‌বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।

বক্তারা আরো বলেন, হাওরের মানুষের আপনজন ফজলুর রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার ক্ষমতা কারো নেই। তাকে রাজনীতি থেকে সরানোর যে কোনো ষড়যন্ত্র জনগণ রুখে দেবে।

সমাবেশে বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন সাফি, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ, আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here