ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
57
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডিতে মারিয়া (১২) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মারিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আচুলা গ্রামে। তবে তার বাবা-মা বর্তমানে ঢাকার বসিলা এলাকায় বসবাস করেন। তার বাবার নাম মাসুদ।

গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, আমি একাই ওই বাসায় থাকি। স্বামী ও একমাত্র মেয়ে দেশের বাইরে। দুপুরে গাড়িচালক এসে বারবার কলিংবেল দিলেও দরজা খোলেনি মারিয়া। পরে ড্রাইভার ফোন করলে বাসায় এসে দরজা খুলি। তখন দেখি গেস্ট রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে সে। তখনও শরীর গরম ছিল। দ্রুত নামিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেকে আনলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, প্রায় চার মাস আগে তার নানি বকুল তাকে আমার বাসায় কাজের জন্য দেয়। নানি পাশের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। আগে আমার বাসায় দুইজন কাজ করত। কিন্তু দুই মাস আগে আরেকজন চলে যাওয়ার পর একাই ছিল মারিয়া। আমাদের ধারণা, সে হয়তো এখানে কাজ করতে চাইছিল না—এ কারণে আত্মহত্যা করে থাকতে পারে।

গৃহকর্মী মারিয়ার নানি বকুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, চার মাস আগে চার হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দিই। দুপুরে হঠাৎ খবর পাই যে, সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here