রশিদের কীর্তি, আফগানদের সহজ জয়

0
51

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়েছে আফগানরা। ১৮৯ রানের লক্ষ্যে ৮ উইকেটে ১৫০ রানে আটকে যায় আমিরাত।

এই জয়ে ফাইনালের সম্ভাবনা বাড়াল রশিদের দল। ২১ রানে ৩ উইকেট নিয়ে এতে বড় ভূমিকা রাখেন এই লেগ স্পিনার। ওয়াসিম-ঝড় থামানো বাঁহাতি স্পিনার শরাফউদ্দিন ২৪ রানে নেন ৩ উইকেট।

ধ্রুব পারাশারকে বিদায় করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবাইকে ছাড়িয়ে যান রাশিদ। ৯৮ ম্যাচে তার উইকেট এখন ১৬৫টি। ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়ে এতো দিন চূড়ায় ছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

১৫০ উইকেট নিয়ে তিনে আছেন কিউই রিস্ট স্পিনার ইশ সোধি। পরের দুটি স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান (১৪৯) ও মুস্তাফিজুর রহমান (১৪২)।

শেষ ১০ ওভারে ১১৪ রান তুলে সফরকারীরা। ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারেননি সেদিকউল্লাহ। এই ওপেনারের ৪০ বলে খেলা ৫৪ রানের ইনিংস গড়া তিন ছক্কা ও চারটি চারে।

৪০ বলে চার ছক্কা ও তিন চারে ৬৩ রান করেন তিনে নামা ইব্রাহিম।

শেষ দিকে তাণ্ডব চালান করিম জানাত। এই পেস বোলিং অলরাউন্ডার ১০ বলে দুটি করে ছক্কা ও চারে করেন অপরাজিত ২৩ রান। দুই ছক্কায় ১২ বলে আজমতউল্লাহ ওমারজাই অপরাজিত থাকেন ২০ রানে।

রান তাড়ায় বলতে গেলে দলকে একাই টানেন ওয়াসিম। তার বিস্ফোরক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬৬ রান করে ফেলে আরব আমিরাত।

২৫ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারেননি ওয়াসিম। আশরাফের বলে মুজিবকে ক্যাচ দিয়ে শেষ হয় তার ৩৭ বলে খেলা ৬৭ রানের ঝড়ো ইনিংস। ইনিংসটি গড়া ছয় ছক্কা ও চারটি চারে। অর্থাৎ তার ৬০ রানই আসে বাউন্ডারি থেকে।

এরপর আর তেমন একটা লড়াই করতে পারেনি স্বাগতিকরা। চারে নেমে ৩৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে পরাজয়ের ব্যাবধান কিছুটা কমান রাহুল।

মঙ্গলবার সিরিজের চতুর্থ ম্যাচে আফগানদের প্রতিপক্ষ পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৪ (গুরবাজ ৭, সেদিকউল্লাহ ৫৪, ইব্রাহিম ৬৩, রাসুলি ১০, ওমারজাই ২০, কারিম ২৩; জুনাইদ ৪-০-৩৪-০, রোহিদ ৪-০-৩৪-২, হায়দার ৪-০-২৮-০, সাগির ৪-০-৫২-২, ধ্রুব ৩-০-৩০-০, হার্শিত ১-০-৮-০)

সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৫০/৮ (জোহাইব ৭, ওয়াসিম ৬৭, ডি’সুজা ১২, রাহুল ৫২, আসিফ ১, কৌশিক ৪, ধ্রুব ১, সাগির ০, হায়দার ২, জুনাইদ ১; মুজিব ৪-০-৩৬-০, ফারুকি ৩-০-২৪-১, আশরাফ ৪-০-২৪-৩, ওমারজাই ৩-০-৩৬-০, রশিদ ৪-০-২১-৩, নাবি ২-০-৯-১)

ফল: আফগানিস্তান ৩৮ রানে জয়ী।

ম্যাচ সেরা: শারাফুদ্দিন আশরাফ।