ইরান আরও একটি ইসরায়েলি হামলার প্রস্তুতি নিচ্ছে

0
77

নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা থেকে কুলিং সিস্টেমগুলো খুলে ফেলেছে এবং সরিয়ে নিয়েছে ইরান। এই পদক্ষেপটি ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন পারমাণবিক বিশেষজ্ঞ এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি (আইএসআইএস)-এর প্রেসিডেন্ট ডেভিড অ্যালব্রাইট।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে অ্যালব্রাইট বলেছেন যে, ‘‘নাতাঞ্জ কমপ্লেক্সের সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা গেছে যে, গত সপ্তাহে ইরান এইচভিএসি ভবনগুলো থেকে প্রায় সমস্ত কুলিং সরঞ্জাম সরিয়ে নিয়েছে এবং খুলে ফেলেছে।’’

ইরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত অ্যালব্রাইট বলেন, তেহরান আপাতদৃষ্টিতে এই স্থাপনার অস্থায়ী বন্ধের সুযোগ নিয়ে ভবিষ্যতে বিমান হামলা থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো রক্ষা করার চেষ্টা করছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, কিছু খুলে ফেলা কুলার হেলিপ্যাডে সরিয়ে নেওয়া হয়েছে, অন্যগুলো একটি পানি পরিশোধন কেন্দ্রের কাছে সরিয়ে নেওয়া হয়েছে, আর বাকিগুলো পুরো কমপ্লেক্স জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইরানের অন্যতম প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ পরমাণু স্থাপনা এর আগে জুনে একটি যৌথ ইসরায়েলি ও মার্কিন হামলায় লক্ষ্যবস্তু হয়েছিল, যার ফলে এর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো পুনরায় হামলার বিরুদ্ধে তেহরানের পারমাণবিক অবকাঠামো রক্ষার প্রচেষ্টাকে তুলে ধরেছে।

সূত্র: এমইএম