জাকসু নির্বাচন উপলক্ষে জাবিতে ১দিন বন্ধ, দুইদিন ক্লাস-পরীক্ষা স্থগিত

0
43

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে একদিন ক্লাস-পরীক্ষা বন্ধ এবং দুইদিন পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে ৷ এছাড়া দুইদিন উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাও স্থগিত করা হয়েছে৷

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু নির্বাচনের ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার ফলে এই দিনে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। এছাড়া ৯ ও ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে পূর্বনির্ধারিত অনুশীলনী পরীক্ষা এবং সকল পর্বের চূড়ান্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে, তবে এই দুদিন ক্লাস যথারীতি চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ১২ ও ১৩ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবারের উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে জাকসু নির্বাচনের তারিখ পর্যন্ত নতুন করে কোনো পর্বের বা সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার রুটিন নির্ধারণ না করার জন্য সকল বিভাগের পরীক্ষা কমিটিকে নির্দেশ প্রদানের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷