নিজ বাসায় ব্যবসায়ী খুন, দেয়াল লিখন নিয়ে চাঞ্চল্য

0
39

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামের নিজ ঘর থেকে তোয়াজ উদ্দীন (৫৫) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেয়ালে লেখা ছিল, ‘মারার কারণ, সে মুহম্মদ (স.)-কে গালি দিসে, তাঁর নামে খারাপ কথা বলেছে’। ‘আল্লাহু আকবার’। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই ব্যবসায়ীর মরদেহটি উদ্ধার করা হয়।

তোয়াজ উদ্দীন ওই গ্রামের মৃত হারেজ আলী শেখের ছেলে। তিনি এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে তোয়াজ উদ্দীনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে প্রতিবেশীরা ওই বাড়ির জানালা দিয়ে দেখতে পায় তোয়াজ উদ্দীনের মরদেহ পড়ে আছে। তবে বাড়ির গেট বাইরে তালাবদ্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গেটের তালা ভেঙে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই আক্কাস আলী বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের বাইরে তালা লাগিয়ে চলে গেছে হত্যাকারীরা। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যবসায়ীর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের মোড় অন্যদিকে নেওয়ার জন্য হত্যাকারীরা কৌশলগতভাবে দেয়ালে লিখে গেছে। এ নিয়েও আমরা কাজ করছি।