ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

0
27

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হল বৃহস্পতিবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দু’কিলোমিটার দূর পর্যন্ত ‘শকওয়েভ’ পৌঁছোয়। যার জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২৫ জন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রা সাড়ে ১২টা নাগাদ নাগপুরের সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এটি ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সবচেয়ে বড় বেসরকারি কারখানা। বিস্ফোরণে উড়ে যায় কারখানার দোতলা একটি ভবন। আগুনের হলকা এতটাই উঁচুতে পৌঁছেছিল যে দেড় কিলোমিটার দূর থেকে তা দেখা গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নাগপুর জেলা প্রশাসক সঞ্জয় কোলতে এনডিটিভিকে জানান, বিস্ফোরণে কারখানাটির ছাদ ধসে পড়ায় চাপা পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং সেই ধ্বংসস্তুপের ভেতর থেকে আট জনের মরদেহ এবং ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার আরডিএক্স তৈরির প্লান্টে এই বিস্ফোরণ ঘটেছে। এক কর্মী বলেছেন, “হঠাৎ চার দিকে ধোঁয়ায় ঢেকে যায়। তার পর শ্বাসবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপারভাইজার আমাদের বললেন দ্রুত বেরিয়ে যেতে। তার পরই ঘটে বিস্ফোরণ।”

আরেক কর্মী বলেন, “ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল কারখানা। বিস্ফোরণের ধাক্কায় আমিসহ কয়েকজন সহকর্মী মাটিতে ছিটকে পড়েছিলাম। তারপরই প্রাণপণে কারখানার বাইরের দিকে ছোটা শুরু করেছিলাম আমরা।”

এই প্রথম নয়, এর আগে ২০২৩ সালেও এই কারখানায় বিস্ফোরণ হয়েছিল। সেই সময় ন’জন কর্মীর মৃত্যু হয়েছিল।